লাশের অপেক্ষায় স্বজনরা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চার যুবকের লাশের জন্য অপেক্ষা করছে পরিবারগুলো। তাদের কান্না যেন কিছুতেই থামছে না। ভাগ্য উন্নয়নের জন্য বিদেশ গিয়ে সড়ক দুর্ঘটনায় আজ তারা লাশ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, নিহত প্রত্যেকের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে সেখানকার বাতাস। ২৩ আগস্ট কাজে যাওয়ার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হন।  নিহতরা হলেন—কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে সুরুজ মিয়া, একই এলাকার মোতালিব ব্যাপারির ছেলে নুরে আলম ওরফে নুরা মিয়া, খালিয়ারচর গ্রামের মোকারমের ছেলে উজ্জল এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আক্রম আলীর ছেলে রাসেল। তারা মদিনায় আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করত।     

খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কেউ এনজিও থেকে ঋণ নিয়ে, কেউ শেষ সম্বল বিক্রি করে সাড়ে চার বছর আগে পাড়ি জমিয়েছিল সৌদি আরবে। এখনো পরিবারগুলো সেই ঋণের টাকা শোধ করতে পারেনি। এ ব্যাপারে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু বলেন, আমি নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইব।  এদিকে নিহতদের পাশে দাঁড়িয়েছে আড়াইহাজার উপজেলা প্রশাসন ও অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন ওকাপ।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন জানান, আমরা নিহতদের পরিবারের খোঁজ-খবর নিয়েছি। আশা করছি দ্রুত লাশগুলো দেশে আনা সম্ভব হবে।  এ ব্যাপারে কার্যক্রম শুরু করা হয়েছে।