১১ বছরে বিদ্যুত্ উত্পাদন সাত গুণ বৃদ্ধি পেয়েছে -------- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, দেশে যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। ঠিক তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও উন্নতি হচ্ছে। গত ১১ বছরে দেশে বিদ্যুত্ উত্পাদন প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে খুঁটির ওপর দিয়ে নয়, বিদ্যুত্লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে বড়ো বড়ো শহরগুলোতে সে অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। তিনি মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকায় নাওজোর ২০/২৮ এমভিএ, ৩৩/১১ কেভি বিদ্যুত্ উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর পল্লী সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, গাজীপুর বাপবিবোর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ বারী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য ফাইজুল আলম দীলিপ প্রমুখ। মন্ত্রী আরো বলেন, আগামী দুই বছরের মধ্যে পাইপলাইনের গ্যাস থাকবে না। সব বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে। এখন যে দামে সিলিন্ডার গ্যাস কেনা হয়, তখন তার অর্ধেক দামে তা পাওয়া যাবে।