দুই কারখানা সিলগালা ৪৩ লাখ টাকা জরিমানা

সাভারের আশুলিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তিনটি সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানাকে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুটি কারখানাকে সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার জান্নাত ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড, খেজুরবাগান এলাকার রক্স কনজুমার পোডাক্টস লিমিটেড ও কুমকুমারী বাজার এলাকায় এভারওয়ে টয়লেট্রিজ কারখানায় এ অভিযান পরিচালনা করেন র্যাব ৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, আশুলিয়ার জান্নাত ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড কারখানার মালিক মোবারক হোসেন দীর্ঘ দিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ডিটারজেন্টসহ ৩৩টি পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল ঐ কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মোবারক হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা ও  কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে রক্স কনজুমার প্রোডাক্টস লিমিটেড কারখানার মালিক হাবিবুল্লাহ বুলু সাবান, ডিটারজেন্ট পাউডারসহ ১৫টি পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার মালিক হাবিবুল্লাহ বুলুকে ৩০ লাখ টাকা জরিমানা ও  কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এভারওয়ে টয়লেট্রিজ কারখানা কর্তৃপক্ষ বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ডিটারজেন্ট তৈরি করে বাজারজাত করার অভিযোগে ঐ কারখানার ম্যানেজার খালিদ আহমেদকে ৩ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, বিএসটিআইয়ের সাভার জোনের ইন্সপেক্টর

সাইদুর রহমান উপস্থিত ছিলেন।