সিরাজদিখানে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার  সিরাজদিখানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সিরাজদিখান থানার সন্তোষপাড়া গ্রামের গোপীনাথ ঘোষের ছেলে দুর্জয় ঘোষ (২২) ও মাদারীপুরের শিবচর থানার হোগলার মাঠ গ্রামের ও বর্তমান টঙ্গী থানার দত্তপাড়া এলাকার লতিফ শিকদারের ছেলে অনিক শিকদারের (২১) হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলার প্রস্তুতি চলছে।

সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন যাবত্ চেষ্টা চলছিল। সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রামানন্দ গ্রাম, ঢাকার মুগদা থানা এলাকার মানিক নগর ও গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।