গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে মহানগরীর রাজদীঘির উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (১৪) স্থানীয় পাখি বিক্রেতা ফকির আলীর ছেলে। তারা উত্তর রাজবাড়ী এলাকার ফরিদ আলীর বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার ভায়াডাঙ্গা (ভাগাতা) গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোর নুরুল ইসলাম শহরে ফেরি করে চা বিক্রি করত। মঙ্গলবার দুপুরের খাবারের পর নুরুল ইসলাম বেলা ৩টার দিকে বাড়ির পাশে রাজদীঘিরপাড়ে যায়। এ সময় চার-পাঁচ জন কিশোর চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। পরে তাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই লিয়াকত আলী জানান, কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।