মানিকগঞ্জে রতন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে রতন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকী। মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে ৯ মার্চ রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামে বিশু মিয়ার ছেলে বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক রতন (২২) খুন হয়। রতনের মোবাইলের সূত্র ধরে আসামি মাসুদ ও  ছানোয়ারকে ২০১০ সালের ৫ মে গ্রেফতার করে পুলিশ। আসামিরা রতনকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আসামিরা জবানবন্দিতে বলেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে মোবাইল ফোনে রতনকে ডেকে নিয়ে যাওয়া হয়। এর পর রতনকে সঙ্গে নিয়ে আসামিরা সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে একটি ভুট্টা খেতে নিয়ে যায়। সেখানে রতনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। হত্যার পর রতনের মোবাইল ফোনসেট নিয়ে যায় আসামিরা।