নারায়ণগঞ্জ নিয়ে কাউকে খেলতে দেওয়া যাবে না ------------- শামীম ওসমান

শামীম ওসমান এমপি বলেছেন, একটি ষড়যন্ত্র সারাদেশে চলছে। নারায়ণগঞ্জ এ থেকে বিচ্ছিন্ন নয়। স্থানীয় ও জাতীয় চক্র এই ষড়যন্ত্রে জড়িত আছে। খেলা শুরু হয়েছে খেলা চলবে। যারা খেলছে তাদের নাম প্রকাশ করলে অনেকে বাড়ি থেকে বের হতে পারবেন না। জনগণের শক্তির সামনে কোনো শক্তি টিকে না। শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জ নিয়ে কাউকে খেলতে দেওয়া যাবে না। ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গতকাল মঙ্গলবার বিকালে পঞ্চবটি আকবর কনভেনশন হলে কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভা পরিচালনা করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি শওকত আলী। উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতা বি এম শফিকুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন প্রমুখ।