কারখানার সংস্কার তদারকিতে আরএসসির কার্যক্রম শুরু হচ্ছে অক্টোবরে

গার্মেন্টস কারখানার সংস্কার কার্যক্রম তদারকিতে ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে নতুন প্ল্যাটফরম হতে যাচ্ছে আরএমজি সাসটেইনেবল কাউন্সিল বা আরএসসি। আগামী অক্টোবরে এর কার্যক্রম শুরু হবে। সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কাজ করবে আরএসসি। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে পোশাক কারখানার মালিকপক্ষ, আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ অফিস ও বিদেশ্য ক্রেতাদের প্রতিনিধি।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আরএসসির রূপরেখা ঠিক করার লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক উভয়পক্ষ একক মানদণ্ডের আলোকে কাজ করতে সম্মত হন। বৈঠক শেষে রাতে  যৌথ বিবৃতি সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, একটি অভিন্ন কমপ্লায়েন্স নীতিমালার ভিত্তিতে কাজ করবে আরএসসি। এ জন্য একটি কারিগরি কমিটি থাকবে। ঐ কমিটি সংস্কারের মানের প্রশ্নে সব সিদ্ধান্ত নেবে—যাতে কারখানা মালিক বা ব্র্যান্ড প্রতিনিধিদের কোনো আপত্তি না থাকে। তিন পক্ষের সমন্বয়ে উপদেষ্টা কমিটিও থাকবে।