রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় বৈঠকের আহ্বান বিএনপির

রোহিঙ্গা সমস্যা সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়ে বিএনপি বলেছে, পরিস্থিতি জাতীয় সংকটে রূপ নিয়েছে। গত দুই বছরে সরকার একজন রোহিঙ্গাকেও তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। অথচ রোহিঙ্গা আশ্রয় কেন্দ গুলোতে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন নতুন শিশু। এদের নাগরিকত্ব পরিচয় কী হবে? কোন দেশের পরিচয়ে এরা বেড়ে উঠবে? এখনো সময় আছে অবিলম্বে সর্বদলীয় বৈঠক করার।

গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে খালেদা জিয়ার অংশগ্রহণের মাধ্যমে সর্বদলীয় বৈঠক ডাকার যে প্রস্তাব রেখেছেন, তা বাস্তবায়নের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রিজভী বলেন, আসামে ১৯ লাখের বেশি মানুষকে নাগরিকত্বহীন করা হয়েছে। শোনা যাচ্ছে—তাদের ঠেলে দেয়া হবে বাংলাদেশে। এ পরিস্থিতি বাংলাদেশের জন্য আরও একটি বড় বিপদের আশঙ্কা। ফলে দলীয় স্বার্থ নয়, দলমত নির্বিশেষে প্রতিটি বাংলাদেশিকে এক কাতারে আসা এখন সময়ের দাবি।

তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, দেশে-বিদেশে উচ্চপর্যায়ে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণ থাকতে হবে। তা হলে এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সারাবিশ্ব গুরুত্বসহকারে দেখবে।