রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে মোক্তার হোসেন কাচ্চু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালের ঐ দুর্ঘটনার পর সন্ধ্যায় তিনি হাসপাতালে মারা যান। মোক্তার নিউমার্কেট এলাকায় ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন।
পথচারী নাজমুল হোসেন টিটু জানান, ঐ ব্যক্তি দুই দিক থেকে চলন্ত দুটি ট্রেনের মাঝে পড়ে যান। এ জন্য কোনো দিকেই যেতে পারেননি। শেষ পর্যন্ত ট্রেনের চাকায় তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন দুটি চলে যাওয়ার পর তিনিসহ কয়েক জন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
মোক্তারের স্বজন আব্দুর রহমান জানান, মোক্তার নিউমার্কেট এলাকার আইয়ুব কলোনির একটি মেস বাসায় ভাড়া থাকতেন। একই মেসে তিনিও থাকেন। তিনি জানান, মোক্তার নিউমার্কেট এলাকাতে ফুটপাতে কাপড় বিক্রি করতেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরের খোর্দ্দ গ্রামে। স্ত্রী ও তিন মেয়ে গ্রামের বাড়িতেই থাকেন।
ঢাকা রেলওয়ে থানার ওসির দায়িত্বে থাকা এসআই রুশো বণিক জানান, মোক্তার হোসেনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।