মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে ২০৫ বছরের ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এ মেলা বন্ধ করা হয়েছে। প্রতি বছর ২৫ অগ্রহায়ণ এ মেলা শুরু হয়। ঐ একদিনের জন্য মেলা অনুষ্ঠিত হওয়ার প্রচলন থাকলেও সময়ের প্রয়োজনে এখন দুই-তিন আগে থেকে এ মেলা শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলে। আর এ মেলার উদ্দেশ্যে দুই তিন আগে থেকে শত শত দোকানি ও ভক্তবৃন্দ এসে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রতি বছর যে মেলায় পা রাখার জায়গা পাওয়া যায় না সেখানে চলতি বছরে মেলা প্রাঙ্গণ এখন শুধুই স্মৃতি।
কালাচাঁদ আউলিয়া কালাচাঁদ ফকির নামেও পরিচিত। মেলা আরম্ভের ২/৩ দিন আগে থেকেই এখানে প্রচুর লোক সমাগম হতে শুরু করে। দোকানিরা মেলা প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় পসরা সাজিয়ে বসে। দক্ষিণাঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানবৃন্দ এ মেলা দেখতে আসে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্ত ও দর্শনার্থীরা আসে। রাতভর চলে ওরস, মুর্শিদী ও মাইজভাণ্ডারি গান। মাজারের খাদেম ডাবলু কাজী বলেন, প্রশাসনের নির্দেশে এ ঐতিহ্যবাহী মেলা বন্ধ রাখা হয়েছে। তিনি মেলা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসকের কাছেও আবেদন করেছিলেন। কিন্তু কোন অনুমতি মেলেনি।
পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন হাওলাদার জানান, নির্বাচনের কারণে এ মেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়েছে। দুই বছর ধরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এ মেলা চলে আসছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার এ মেলা কমিটির সভাপতি। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, নির্বাচনের কারণে এ মেলা আপাতত বন্ধ রাখা হয়েছে।