কেশবপুর (যশোর) সংবাদদাতা
একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউপির চেয়ারম্যান আবু বকর আবু হত্যার ঘটনায় এক যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টুকে আটক করেছেন পুলিশ। ঢাকা ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় মিন্টুকে আটক করে নিয়ে যায়। এর আগে গত ২৭ নভেম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদের ২নং বায়সা ওয়ার্ডের মেম্বার সাইফুর রহমানকে ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ডেকে নেয়। বিগত ১০ দিনেও তার কোনো খোঁজ মিলেনি। এ ছাড়াও ডিবির কর্মকর্তা পরিচয়ে একজন বার বার ফোন করে কেশবপুরের বিভিন্ন ব্যক্তিকে ঢাকায় মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যেতে বলছেন বলে জানা গেছে।