হিলি সীমান্তে ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। যার মূল্য দেড় লাখ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মংলা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হক জানান, শনিবার ভোরে উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে- নিজস্ব গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা কেবাইক নামে ১২১০ প্যাকেট ভারতীয় পাউডার জাতীয় ওষুধ উদ্ধার করেছে। এটি উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে। গতকাল শনিবার সকাল ৯টায় সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়েছে। যার মূল্য ২ লাখ ৪২ হাজার টাকা।