টাকা না পেয়ে স্ত্রীর হাত কেটে দিল স্বামী

নরসিংদী শহরের পৌর এলাকার বানিয়াছল মহল্লায় স্ত্রী দীপা রানী সূত্রধরের (২৯) হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে বিষ্ণু চন্দ্র রায় নামে এক স্বামী। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দীপার ডান হাত ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয় তার স্বামী। এ ঘটনায় বুধবার দীপার ভাই বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। দীপাকে ঐ দিন রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তার বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করে আসার পর দীপার ভাই ও আত্মীয়-স্বজনরা দীপার স্বামী বিষ্ণু চন্দ্র রায়কে ঢাকা থেকে আটক করে নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করে।

আরও পড়ুন:  ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠক, বিজিপির আটক চার সদস্যকে হস্তান্তর

দীপার মা জানান, দীপাকে বিয়ে করার আগেও দীপার স্বামী একাধিক বিয়ে করেছে। বিয়ের পর থেকে  চাকরিজীবী স্ত্রীর কাছে প্রায়ই অর্থ দাবি করেই আসছিল দীপার স্বামী। স্বামীর অত্যাচারে দীপা তার বাবার বাড়ি থেকে ইতিমধ্যেই প্রায় ৩ লাখ টাকা এনে দেয়। কিন্তু এতেও সন্তুষ্ট না হয়ে আরও টাকার জন্য দীপাকে চাপ দিতে থাকে তার স্বামী। এতে দীপা অস্বীকার করায় মঙ্গলবার রাতে বিষ্ণু চন্দ্র রায় এ ঘটনা ঘটায়।

মেয়ের হাত কেটে দেওয়ার ঘটনায় দীপার মা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি