বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ছয় কিশোরকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। বুধবার বিকেলে চারটার দিকে তাদের বরগুনার জেলখানা থেকে যশোর কেন্দ্রে নিয়ে আসা হয়। ওই ছয়জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মঙ্গলবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর আদেশের ভিত্তিতে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান সরকার ইত্তেফাককে জানান, বুধবার সকালে সেখানকার প্রবেশন অফিসার মনিরুজ্জামান বরগুনা কারাগার থেকে প্রিজন ভ্যানে ছয় কিশোরকে যশোর কেন্দ্রে আনেন। তারা হচ্ছে রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। এর আগে, গত ১৫ জুলাই রাতুল শিকদার জয় (১৬) নামে আরও একজনকে এই কেন্দ্রে পাঠানো হয়। সর্বমোট ৭ কিশোর এখন যশোর কেন্দ্রে রয়েছে।
আরও পড়ুন: রিফাত হত্যা মামলা: আরিয়ান শ্রাবণের জামিন
উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীদের হামলায় খুন হন রিফাত শরীফ। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচডি