বিএনপি প্রার্থীর অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে আওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি ও লালমোহন সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি প্রার্থী মেজর অব. হাফিজউদ্দিন আহাম্মদ আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ। শনিবার লালমোহন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় মেজর হাফিজ মৌমাছি বাহিনী, বীরবিক্রম বাহিনী ও মার্শাল বাহিনী গঠন করে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। সে সময় বহু মা-বোন সম্ভ্রম হারিয়েছে। এরকম অগণিত অপকর্মের দায়ে অভিযুক্ত মেজর হাফিজ এখন দিশেহারা হয়ে দলীয় মনোনয়ন পেয়েও এলাকায় আসছে না। সে ঢাকায় বিএনপির দলীয় কার্যালয় বসে সংবাদ সম্মেলন করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলা-৩ আসনে নির্বাচনের পরিবেশ নেই বলে বক্তৃতা বিবৃতি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে কলুষিত করছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মেজর হাফিজকে লালমোহনে এসে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহাম্মদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেয়াওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।