বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ মাঠে নামছে। আর তাজিকিস্তানে বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের ফুটবল দলের বিপক্ষে লড়াই করতে। চট্টগ্রামে আফগানিস্তান বাংলাদেশের টেস্ট ম্যাচটি ৯ সেপ্টেম্বর শেষ হবার কথা। সেটি হোক বা না হোক; আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ ফুটবল দল এখন তাজিকিস্তানে। প্রস্তুতি নিচ্ছে কীভাবে আফগানিস্তানকে মোকাবিলা করা যায়। বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডের মাথায় আফগানদের ঘায়েল করার পরিকল্পনা। মাথায় ঘুরপাক খাচ্ছে আফগান ফুটবলারদের শক্তি আর সামর্থ্য নিয়ে। ঢাকা থেকে সংবাদমাধ্যম অনলাইনে কথা বলেছে জেমির সঙ্গে। জেমি আফগানদের এগিয়ে রেখেছেন। গতকাল দুপুরে হোটেলে বসে কথা বলছিলেন ঢাকার সাংবাদিকদের সঙ্গে, অনলাইনে। নানা প্রশ্নের জবাবে জেমি ডের কথা পরিষ্কার, আফগান ফুটবলাররা বাংলাদেশের চেয়ে টেকনিকে এগিয়ে রয়েছে। সেটা নিজেই লিখে জানালেন সংবাদমাধ্যমকে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার আগে বাংলাদেশ ফুটবল দল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তাজিকিস্তানের ক্লাব ফুটবলের বিপক্ষে। এরই মধ্যে প্রথম ম্যাচ খেলেছে কুকতোশ দলের বিপক্ষে। হেরেছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচ খেলবে আজ বিকালে সাড়ে ৫টায়। সিএসকেএ পামির নামের এই দলটি তাজিকিস্তানের ফুটবল প্রিমিয়ার লিগের শীর্ষ দল। প্রথম যে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ ফুটবল দল সেটিও শীর্ষস্থানীয় একটি ক্লাবের বিপক্ষে।
বাংলাদেশ ফুটবল দল হারলেও সেই ম্যাচ নিয়ে দুর্ভাবনায় নেই কোচ জেমির। দলের প্রস্তুতির জন্যই খেলা হচ্ছে। যতটা সম্ভব ভালো প্রস্তুতি নেওয়া যায় সেটাই ভাবছেন জেমি। কারণ শেষ লক্ষ্য হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে লড়াই। কোচ জেমি জানিয়েছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আফগানিস্তান ম্য্যাচের দিকে। জিতলে ভালো। তিনি বললেন, ‘জিতলে হিরো। না জিতলে জিরো।’ কোচ জানান, আফগান ফুটবলাররা শারীরিকভাবে আমাদের চেয়ে এগিয়ে। ওদের মধ্যে ছয়-সাত জন ফুটবলার রয়েছেন; যারা বাংলাদেশের খেলোয়াড়দের তুলনায় টেকনিকে অনেক ভালো।
তাজিকিস্তানের ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে কোচ জানিয়েছেন হারলেও কোচ খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুশি। প্রথম ম্যাচে অনেক কিছু পজিটিভ দিক তার চোখে পড়েছে। যা কিনা ক্রমান্বয়ে দলের জন্য টনিক হয়ে কাজ করবে। জেমি বলেন, ‘আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। পজিটিভ দিকটা নজরে রাখছি। সেই সঙ্গে আরেকটি ভালো ম্যাচে আগাচ্ছি। সবাই খেলতে প্রস্তুত।’
ফুটবল দলের মধ্যে শৃঙ্খলাকে গুরুত্ব দিচ্ছেন জেমি। কাল বলছিলেন, ‘গত ১৪ মাস দায়িত্ব পাওয়ার পর আমি যেভাবে শৃঙ্খলা রাখার চেষ্টা করছি এবারও সেভাবে শৃঙ্খলা রাখা হয়েছে। সব প্লেয়ারকে শৃঙ্খলায় রাখা হয়েছে। এভাবে শৃঙ্খলার মধ্যে সবাই চলতে পারলে আগামীতে পুরো দল হয়ে ভালো কিছু উপহার দিতে পারব।’
কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে তাজিকিস্তান গেছে বাংলাদেশ ফুটবল দল। আফগানিস্তানের হোম ম্যাচ এটি। তারা নিজেদের দেশে ভেন্যু করতে পারেনি বলে তাজিকিস্তানের দুসানবেতে ভেন্যু করেছে।