গ্রুপ পর্বে টানা তিন জয় পেয়ে বাংলাদেশের মেয়েরা স্কটল্যান্ডের মাটিতে সহজেই সেমিফাইনালে পৌঁছে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে আজ তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড দল। ডান্ডির ফোর্টহিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।
একই দিনেই অপর সেমিফাইনালও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, তবে সেটা শুরু হবে সন্ধ্যা সাতটায়। সেখানে মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা দল দুটি হলো থাইল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। ফাইনাল অনুষ্ঠিত হবে সাত সেপ্টেম্বর, শনিবার।
গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে হারিয়েছে ১৩ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ নারী ক্রিকেট দল চার উইকেট হারিয়ে করে ১০৪ রান। নিগার সুলতানা সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মুরশিদা খাতুন ২৬ ও ফারজানা হক করেন ২৩ রান। নিগারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
বৃষ্টিতে স্বাগতিকদের জয়ের জন্য ৬৩ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৬৩ রান। স্কটিশদের একাই টেনে নিয়ে গেছেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। বল হাতে দুই উইকেট পাওয়ার পর ব্যাটিংয়েও তিনি দলের হয়ে করেছেন সর্বোচ্চ ২১ রান। শেষ অবধি দলটি ছয় উইকেট হারিয়ে আট ওভারে করতে পারে ৪৯ রান। ফলে, বাংলাদেশ জিতে ১৩ রানে। এর আগে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে আট উইকেটে হারায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ছয় রানে হারায় দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
টস: স্কটল্যান্ড
বাংলাদেশ: ১৭ ওভারে ১০৪/৪ (সানজিদা ৪, মুরশিদা ২৬, নিগার ৩৫*, ঋতু ৪, ফারজানা ২৩, ফাহিমা ২*; ক্যাথরিন ব্রাইস ২/১৩, মাকসুদ ২/২০)।
স্কটল্যান্ড: (লক্ষ্য ৮ ওভারে ৬৩) ৮ ওভারে ৪৯/৬ (সারাহ ৩, ক্যাথরিন ২১, জ্যাক ১, হকিন্স ৯, গ্লেন ২, উইলস ২, চ্যাটার্জি ৫, ওয়াটসন ৩; জাহানারা ১-০-৫-০, নাহিদা ২-০-১০-১, রিতু ২-০-১৭-১, ফাহিমা ২-০-৮-০, খাদিজা ১-০-৭-১)।
ফল: বাংলাদেশ ১৩ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস মেথড)।
ম্যাচ সেরা: নিগার সুলতানা (বাংলাদেশ)।