আঞ্চলিক বাণিজ্য বাড়াতে বিবিআইএন নেটওয়ার্ক জোরদার করার তাগিদ

ইত্তেফাক রিপোর্ট

আঞ্চলিক বাণিজ্য বাড়াতে বিবিআইএন নেটওয়ার্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বাংলাদেশ ভুটান, ইন্ডিয়া, নেপালকে নিয়ে চার দেশের এই নেটওয়ার্কের সুফল শুধু সড়ক যোগাযোগই নয়, বরং অর্থনৈতিক করিডোরে রূপ লাভ করবে। তাতে বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান ও পর্যটন খাতের আয় বেড়ে যাবে। তবে এটি কার্যকর করতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। একই সঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে হবে। বুধবার ঢাকায় কাটস ইন্টারন্যাশনাল ও উন্নয়ন সমুন্নয়ের আয়োজনে অনুষ্ঠিত এক আঞ্চলিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিগরা ছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাস, অস্ট্রেলিয়া, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, চারটি দেশের মধ্যে আন্তবাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। ইতিমধ্যে মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট হয়েছে। এখন অবকাঠামো উন্নয়নসহ আনুষঙ্গিক সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই করিডোর শুধু সড়ক যোগাযোগই নয়, বরং ইকনোমিক করিডোর হবে। পর্যটক আকর্ষণেও ভূমিকা রাখবে। এতে আলোচক ছিলেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির, কাটস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জি, বিমসটেক সচিবালয়ের পরিচালক দামারু বল্লভ পাড়েল, বাণিজ্য পরামর্শক খায়রুল আলম প্রমুখ।

এছাড়া বিভিন্ন সেশনে ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন অবকাঠামো উন্নয়ন, ২৪ ঘণ্টা বন্দর সেবা চালু রাখার দাবি জানান। বাংলাদেশ উইমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এ ধরনের উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যাদি বিবেচনায় রেখে নীতি প্রণয়নে গুরুত্বারোপ করেন।