চট্টগ্রামে পৃথক ঘটনায় ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ছয়

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে পৃথক অভিযানে প্রায় ৭২ হাজার ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানা গেছে। গতকাল বুধবার জেলার পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর এলাকায় একটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করে র্যাব। এর আগে মঙ্গলবার গভীর রাতে আরেক অভিযানে নগরীর জুবিলি রোডের আল ফয়সাল হোটেলের একটি কক্ষে তল্লাশি করে ৯ হাজার ২৭০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে র্যাব। একই রাতে আলাদা অভিযানে দুই হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে পটিয়ার আমজুরহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয়া হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে মো. নাছিবুর রহমান ও মো. রাশেদ নামে দুজনকে আটক করে। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ল্যাপটপ, সাউন্ডবক্স ও ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬০,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে নগরীর জুবিলি রোডের হোটেল আল ফয়সাল ইন্টারন্যাশনাল লিমিটেডে অভিযান চালায় র্যাব। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার সময় মো. আনোয়ারুল হাসান রাসেল নামে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী হোটেলের পার্কিংয়ে রাখা একটি স্কুটির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে আরেক অভিযানে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক তিনজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন, ইকবাল হোসেন, হারুন রশিদ ও মো. কায়ছার। পরে তাদের শরীরে তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নোয়াখালী যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।