স্বামীসহ চারজন আটক
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামের মিঝি বাড়ী থেকে নাসরিন আক্তার মনজু (২৮) নামে এক গৃহবধূর লাশ গত মঙ্গলবার বিকালে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মোমিনুল ইসলাম (৪২), শাশুড়ি জাহানারা বেগম (৬৫), ননদ রাবেয়া (২৮) ও সাফিয়াকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত নাসরিন আক্তার মনজু ফেনী সদর থানার পাঁচগাছিয়া ইউনিয়নের জগৈরগাঁও গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে। নাসরিন আক্তার মনজুর স্বামী মোমিনুল ইসলাম সৌদী আরব প্রবাসী।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার বিকাল ৩টায় খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আদিল মাহমুদ জানান, এ ঘটনায় নিহতের ছোটো ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।