বগুড়ায় নববধূ হত্যা স্বামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা দীঘিরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নববধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে গৃহবধূর স্বামী শাহীন আলমকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের শাহীন আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কেবিন ওয়ার্ড বয়। নুরজাহান শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শাকিদারের মেয়ে। তাদের দুই জনেরই এটি দ্বিতীয় বিয়ে। ১২ দিন আগে তাদের বিয়ে হয়। এরপর শাজাহানপুর উপজেলার শাকপালার দীঘিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের বিছানায় নুরজাহানের লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, বুধবার সকালে বগুড়া সদর থেকে নুরজাহানের স্বামী শাহীনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।