ইত্তেফাক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের সবচেয়ে বড়ো র্যালি করে বিএনপি নেতাকর্মীরা সরকারকে একটা বার্তা দিয়েছেন যে, তারা রাস্তায় নামলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। র্যালির জন্য মাত্র কয়েক ঘণ্টা আগে অনুমতি দিয়েছেন, তাতেই কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিল। এ থেকেই বোঝা যায়-এই জনগণ রাস্তায় নামলে আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এতে নেতাকর্মীদের সবার মনে একটিই আকাঙ্ক্ষা খালেদা জিয়াকে মুক্ত করা। তাই এ মেসেজটা একটু চিন্তাভাবনা করবেন।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। অপরাজেয় বাংলা নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিয়া আলিম, কৃষক দলের সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, কেএম রকিবুল ইসলাম রিপন, চালক দলের সভাপতি জসিমউদ্দিন, আয়োজক সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।