ইত্তেফাক রিপোর্ট
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আদায়ে গণমাধ্যমকে পাশে থাকতে হবে বলে মন্তব্য করেছেন উইমেন উইথ ডিসএ্যাবিলিটি ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ)-এর নেতৃবৃন্দ। গতকাল ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ দাবি করেন তারা। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও বিভিন্নক্ষেত্রে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ডাব্লিউডিডিএফ-এর চেয়ারপারসন শিরিন আক্তার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের অনেক প্রতিবন্ধী ভাই-বোনেরা আজ নিজেদের দক্ষতার বলে কর্মক্ষেত্রে আছে। কিন্তু সবক্ষেত্রে তাদের অধিকার আদায় হয় না। আবার প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে নারীরা নির্যাতনের শিকার হয়। তাই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। যেন আমরা জানতে পারি কোনো সমস্যা হলে আমরা কিভাবে গণমাধ্যমের কাছে পৌঁছাতে পারবো এবং তারাও আমাদের জন্য কিভাবে কাজ করবেন।
মূল প্রতিবেদন উপস্থাপনকালে ডাব্লিউডিডিএফ-এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি জানান, ৯৯ শতাংশ প্রতিবন্ধী নারী দারিদ্র্যসীমার নিচে বাস করে, ১ শতাংশের কম সংখ্যক প্রতিবন্ধী মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পায়, ৯৬ শতাংশ প্রতিবন্ধী নারীরা মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার।
এটিএন বাংলার সিইও জহিরুল ইসলাম মামুন জানান, প্রতিবন্ধীদের নিয়ে গণমাধ্যম কাজ করছে। তবে তাদের অধিকারের বিষয় আগে তাদেরই সচেতন হতে হবে।