প্রতিশোধ নিতে দুই জনে মিলে হত্যা করল বন্ধুকে

মাদক মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর প্রতিশোধ নিতে এবার দুই বন্ধু মিলে হত্যা করেছে অপর এক বন্ধুকে। গতকাল বুধবার সৈয়দপুর শহরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর বাঙ্গালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক ঝাটকি ইমরান (২৫) সৈয়দপুর শহরের হাওয়ালদারপাড়ার টেনিয়ার ছেলে। স্থানীয়রা হত্যাকারী দুই বন্ধু আকবর ও সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আকবর তার নানার বাড়ি চিরিরবন্দরের উত্তর বাঙ্গালপাড়ায় বন্ধু সুমন ও ইমরানকে নিয়ে বেড়াতে যায়। সেখানে তারা নানা বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ফাঁকা ফসলের মাঠে মাদক সেবন করছিল। এসময় ইমরান কিছুটা মাদকমগ্ন হয়ে পড়লে আকবর ও সুমন তার ওপর হঠাত্ করেই চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ফসলের ক্ষেতের পাশ দিয়ে যাওয়া কয়েক জন পথচারী ইমরানের আর্তচিত্কারে এগিয়ে যায় এবং আকবর ও সুমনকে আটক করে।

কিন্তু রক্তাক্ত ইমরান ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও দুই বন্ধুকে গ্রেফতার করে। আটক দুই বন্ধুর বাড়িও সৈয়দপুরে। এর মধ্যে আকবর হাতিখানা মহল্লার সৈয়দ আলীর ছেলে এবং সুমন পার্শ্ববর্তী নয়াবাজার মহল্লার কাল্লু বাবুর্চির ছেলে।

চিরিরবন্দর থানার        ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবার রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।