পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর এলাকায় সাত মামলার আসামি জামাল হোসেন হাওলাদারকে (৪৫) হত্যার অভিযোগ করেছে স্বজনরা। বুধবার সকালে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জামাল মারা যায়। নিহত জামাল হোসেন পিরোজপুর সদর উপজেলা শারিকতলা-ডুমতিলা ইউনিয়নের কুমরিমারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাতেম আলী হাওলাদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে হুলারহাট এলাকার খালে একটি ইঞ্জিনচালিত নৌকায় চারটি গরুসহ আহত অবস্থায় জামালকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
তবে নিহতের ছোটো ভাই কামাল হাওলাদার অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কুমিরমারা এলাকার মজিবর শেখ। এ সময় তিনি জানান, মঙ্গলবার রাতে মজিবর শেখ, ফরিদ হাওলাদার ও ফোরকান হাওলাদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পিরোজপুর সদর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে তারা খবর পায় যে ট্রলারে কেউ গরু চুরি করে নিয়ে যাচ্ছে। রাত তিনটার দিকে পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম তাদের খবর দেন যে, হুলারহাট বন্দর এলাকার খালে ইঞ্জিনচালিত নৌকায় চারটি গরুসহ জামাল আহত অবস্থায় পড়ে আছে। পরে জামালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ইঞ্জিনচালিত নৌকা ও চারটি গরু জব্দ করা হয়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, নিহত জামালের নামে পিরোজপুরসহ বিভিন্ন থানায় চুরি ও খুনসহ সাতটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
০