যৌথ সামরিক মহড়া দেখতে সিলেট সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সিলেট সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সফরকালে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেস এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১ম প্যারা কমান্ডো ব্রিগেডের (পিসিবি) একটি যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া  প্রত্যক্ষ করেন তিনি।

১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর সিলেটে সফর করেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা জানায়। 

বিজ্ঞপ্তিতে  বলা হয়, ‘টাইগার শার্ক ৩৭’ নামে সামরিক প্রশিক্ষণটি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের অংশীজনদের অংশগ্রহণে সংকট মোকাবিলা ও সন্ত্রাসদমন বিষয়ক চলমান মহড়ার অংশ।


সিলেট সফরে রাষ্ট্রদূত মিলার। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যের জয়েন্ট কাউন্টার-টেররিস্ট ট্রেনিং অ্যান্ড অ্যাডভাইজারি টিমের সদস্যবৃন্দ এবং ১ম পিসিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসিনও মহড়াটি প্রত্যক্ষ করেন। 

সফরে রাষ্ট্রদূত মিলার বলেন, অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক মেলবন্ধন ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করেছেন তিনি।


হজরত শাহ জালাল (র) মাজার পরিদর্শনে রাষ্ট্রদূত। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

এছাড়া রাষ্ট্রদূত মিলার সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম এবং মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন। তারা এসময় ব্যবসাক্ষেত্রে বিনিয়োগসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

সিলেটে অবস্থানকালে রাষ্ট্রদূত মিলার ইউএসএআইডির ‘সুখী জীবন’ প্রকল্পসহ কয়েকটি কর্মসূচিও পরিদর্শন করেন। ‘সুখী জীবন’ একটি সরকারি-বেসরকারি সহযোগিতাভিত্তিক (পিপিপি) কর্মসূচি।


স্থানীয় জলখাবার বাখরখানি ও হালুয়া উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত ‘আমেরিকান কর্নার’ পরিদর্শন করেন। সিলেট ত্যাগ করার আগে তিনি হজরত শাহ জালাল (র) মাজার পরিদর্শন করেন। এসময় রাষ্ট্রদূত স্থানীয় জলখাবার বাখরখানি ও হালুয়া উপভোগ করেন।

ইত্তেফাক/জেডএইচ