ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক ৬

ঈশ্বরদীতে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের  ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের উপ-ঠিকাদারী প্রতিষ্ঠান মীর কনস্ট্রাকশনের ৬ শ্রমিককে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদীর ৫৬ নং চরসাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ব্যাচেলার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রিফাত হত্যা মামলা: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সাত আসামি

স্থানীয়রা জানান, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী সকাল সাড়ে ৯ টার দিকে চরসাহাপুর আলতাব হোসেনের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাচ্ছিল। আলতাবের বাড়িতে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ভাড়া থাকে।। স্কুলছাত্রী ওই বাড়ির সামনে এলে শ্রমিকরা তাকে জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বখাটে শ্রমিকদের পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মূল আসামি পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বাড়ির সামনে ভিড় করে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, সন্দেহভাজন ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি আরো তদন্ত করা হচ্ছে। মূল আসামি পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

এঘটনায় ছাত্রীর বাবা এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম ডাবলু থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন বলেও পুলিশ জানান।

ইত্তেফাক/এমআরএম