মাদক ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে সরকার —বস্ত্র ও পাটমন্ত্রী

মাদক ও জঙ্গিবাদ নির্মূলে আওয়ামী লীগ  সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বুধবার বিকালে রূপগঞ্জের মুড়াপাড়া স্টেডিয়ামে মন্ত্রী একাদশ বনাম পুলিশ সুপার একাদশের এক প্রীতি ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে মাদক ও জঙ্গিবাদ বলে কিছু থাকবে না। বতর্মান সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সেই কাজটিই করে যাচ্ছে। আমরা মাদক নিয়ন্ত্রণ করেছি কিন্তু পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। সেজন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। যুবসমাজ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

তিনি আরো বলেন, প্রশাসনের সঙ্গে জনগণের মিলনমেলা তৈরি হয়েছে। সেজন্য আমাদের নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে লড়তে উপজেলায় উপজেলায় ফুটবল খেলা চালু করেছেন। এতে করে জনগণের সঙ্গে প্রশাসনের বন্ধুত্ব তৈরি হচ্ছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুনর রশীদ বলেন, জঙ্গিবাদের কারণে দেশের শান্তি নষ্ট হচ্ছে। মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। যুবসমাজ আগামীদিনের অহংকার। তারা সমাজ থেকে বিচ্যুত হলে দেশের উন্নয়ন নষ্ট হবে। খেলাধুলায় উত্সাহ দিয়ে তাই যুবসমাজকে রক্ষা করতে হবে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ম্লান করে দিতে পারে মাদক। তাই মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। বিশেষ করে যুবসমাজ নষ্ট হলে আমাদের কোনো উন্নয়ন কাজে আসবে না। গতকালের প্রীতি ফুটবল ম্যাচে এসপি একাদশকে ২-১ গোলে পরাজিত করে গোলাম দস্তগীর গাজী (মন্ত্রী) একাদশ। এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল প্রমুখ।