শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে চলা শ্রমিক আন্দোলনের মুখে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় অবস্থিত নাবা নিট কম্পোজিট লিমিটেড ও জামগড়ায় অবস্থিত ইএসকেই ক্লোথিকং লিমিটেড নামক এ দুটি পোশাক কারখানার সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। গত রবিবার থেকে এ দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিল। শ্রমিক অসন্তোষের মুখে গতকাল ১৩/১ ধারা মোতাবেক নোটিশ টানিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, গত ২৯ আগস্ট বৃহস্পতিবার নাবা নিট কম্পোজিট লিমিটেড কারখানার ‘পিসি কমিটি’র সদস্যসহ ৩০ জন শ্রমিককে অবৈধ ভাবে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। তবে কি কারণে ছাঁটাই করা হয়েছে তা জানানো হয়নি। এরপর থেকেই ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আসছেন।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আদম আলী বলেন, অর্ডার না থাকায় কারখানায় কাজ নেই। সে কারণে ৩০ জনকে তাদের পাওনাদি পারিশোধ করে ছাঁটাই করা হয় ও কারখানায় মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা টানা ৪ দিন ধরে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করে আসছে। এ কারণে ১৩/১ ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। শৃঙ্খলা না ফেরা পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে বন্ধ দিনগুলোতে শ্রমিকরা বেতন পাবেন।

অপরদিকে ইএসকেই ক্লোথিকং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, বেতন-ভাতা ঠিকমতো না দেওয়া ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গত রবিবার বিক্ষোভ করলে কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে চার নারী শ্রমিক আহত হয়। এ ঘটনার পর থেকে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। পরে গতকাল সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।