সোনারগাঁওয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

সোনারগাঁওয়ে এক অটোরিকশা চালককে অজ্ঞান করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিল্পনগরী মেঘনা এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল বাছির নামের আহত ওই চালককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। জানা যায়, উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার বাস কাউন্টার থেকে গতকাল বুধবার দুপুরে যাত্রী বেশে তিন জন লোক মেঘনা ঘাট এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠে। পথে একটি দোকান থেকে কলা ও রুটি নিয়ে অটোরিকশার যাত্রীরা খাচ্ছিল। এসময় অটোচালককে কলা ও রুটি দিলে তিনি প্রথমে খেতে না চাইলেও পরে একটি কলা খান। ওই কলা খেয়ে জ্ঞান হারিয়ে ফেললে একটি নির্জন স্থানে চালককে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা সামিউলকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঘটনাটি শুনেছি। এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।