কালীগঞ্জে আওয়ামী লীগের কমিটি গঠন

সভাপতি ও সম্পাদকের পৃথক কমিটি!

গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের সভাপতি এস এম আলী আহম্মেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদারের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। আর তা ঐ ইউনিয়নের ৩, ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করার মধ্য দিয়ে প্রতীয়মান হয়েছে। নিয়মানুযায়ী দুজনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন হওয়ার কথা থাকলেও তা হয়নি। বরং সভাপতি ও সম্পাদকের আলাদাভাবে স্বাক্ষরিত দুইটি পৃথক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন।

জানা গেছে, নাগরী ইউনিয়নের সভাপতি এস এম আলী আহম্মেদের এককভাবে স্বাক্ষরিত এক চিঠিতে ৩ নম্বর ওয়ার্ডে মো.আব্দুল হাই মোল্লাকে সভাপতি, শফিকুল ইসলামকে সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নানকে সভাপতি, মো. মোমেন ভুঁইয়াকে সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ডে মো. তোফাজ্জল হক তাফুকে সভাপতি, মো. ফজলুল হক ফজুকে সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডে মো. আলাল উদ্দিন সরকারকে সভাপতি, মো. দবির উদ্দিনকে সম্পাদক করে ঐ চারটি ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি অনুমোদন করা হয়েছে। পাশাপাশি নাগরী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদারের এককভাবে স্বাক্ষরিত অন্য এক চিঠিতে অনুমোদন দেওয়া হয়েছে ঐ চারটি ওয়ার্ড আওয়ামী লীগের পৃথক কমিটি। এতে ৩ নম্বর ওয়ার্ড কমিটিতে সভাপতি ও সম্পাদক একই ব্যক্তি থাকলেও বাকি তিনটি ওয়ার্ডে সম্পাদকের নাম ভিন্ন। এরা হলেন—৪ নম্বর ওয়ার্ডে সম্পাদক সিরাজ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে সম্পাদক আক্তার হোসেন ভুঁইয়া ও ৭ নম্বর ওয়ার্ডে সম্পাদক নকুল কুমার বিশ্বাস।

এ ব্যাপারে নাগরী ইউনিয়নের সভাপতি এস এম আলী আহম্মেদ বলেন, তার স্বাক্ষরিত অনুমোদিত কমিটিই সঠিক। কারণ তিনি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেই কমিটি অনুমোদন দিয়েছেন। সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদারের অনুমোদিত কমিটি সঠিক নয় বলে জানান তিনি। অন্যদিকে নাগরী ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, সভাপতি তার একক সিদ্ধান্তে কমিটি অনুমোদন দিয়েছেন। ৩ নম্বর ওয়ার্ড কমিটি ঠিক থাকলেও বাকি তিনটি ওয়ার্ডে শুধু সম্পাদক বদল করা হয়েছে। তবে তিনি তা ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেই করেছেন বলে জানান।  

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুঁইয়া বলেন, আমি ফেসবুক ব্যবহার করি না। এ ব্যাপারে কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।