মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে ‘আগাছা নির্মূল কমিটি’ নামের একটি সংগঠন। এ ঘটনায় মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। এর আগেও তাকে এমন হত্যার হুমকি দিয়েছিল আনছার উল্লাহ বাংলা ভাই নামের আরেকটি সংগঠন। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন জানান, গত সোমবার সন্ধ্যায় তিনি ডাকযোগে একটি চিঠি পান। তিনি স্থানীয় একটি মাদ্রাসারও সভাপতি। ‘জে আর ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ, মোবাইল ০১৫৭২৩০৩০৪৯’ এই নামে চিঠিটি তার কাছে আসে। খামটি খুলে দেখেন কাফনের কাপড় সম্বলিত একটি হত্যার হুমকির চিঠি।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।