সড়কে ঝরল চার প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

শিবচর (মাদারীপুর) :শিবচরে বাবাকে জানাজার নামাজ পড়তে রেখে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় রাকিব শিকদার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের হাজীকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলা কেরাণীবাট এলাকার মাস্টার টিপু শিকদারের ছেলে। সে সরকারি বরহামগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র।

পাইকগাছা (খুলনা) :পাইকগাছা উপজেলার আকড়ঘাটা বাজারের প্রাণকেন্দ্রে ইজিবাইকের ধাক্কায় শিশু রেহসান (৫) নিহত হয়। রেহসান উপজেলা মালথ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

সাতক্ষীরা :সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরার কদমতলায় গতকাল পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের স্বামী ডা. আজিজুর রহমান ও পুত্র মো. আবু বক্কর। ফাতিমা কুমিরা নওয়াকাটি গ্রামের বাসিন্দা।

চাটমোহর (পাবনা) : চাচাতো বোনের মৃত্যুর সংবাদ শুনে বাবা-মায়ের সঙ্গে গাজীপুর থেকে চাটমোহর যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মারা যায় ভাই নাঈম হোসেন (১৭)। নাঈম উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে। গতকাল কাশিমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।