গাজীপুরে কিশোর নূরুল ইসলাম নূরু হত্যার ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ছয়-সাত জনকে আসামি করে মামলা হয়েছে। নিহদের পিতা ফকির আলমগীর বাদি হয়ে মঙ্গলবার রাতে মেট্রোপলিটন সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলো—নগরীর সদর থানার জয়দেবপুরের সাহাপাড়া এলাকার মো. রানা, মনির হোসেন, থানা রোড এলাকার বাদল মিয়ার ছেলে রাসেল, সাহাপাড়া এলাকার সৌরভ, মাসুম ও মোজাম্মেলের ছেলে শাহরিয়ার ওরফে রক্তিম।
এদিকে ঘটনার দুই দিন পার হলেও পুলিশ বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মঙ্গলবার বিকালে নগরীর রাজদীঘির পাড় এলাকায় এক দল কিশোর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে অপর কিশোর নূরুল ইসলাম নূরুকে। সে ফেরি করে শহরে চা বিক্রি করত। পরিবারের সঙ্গে সে শহরের টাংকির পাড় এলাকার ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তার বাবা ফকির আলমগীর পাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন। সদর থানার ওসি মো. এজাজ শফী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।