বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু রোহিঙ্গা সমস্যা নয়, সামনে আরো বিপদ আসছে। চোখ বন্ধ করে থাকলে হবে না। উট পাখি কী করে? যখন মরুভূমিতে ঝড় আসে তখন মাথাটা বালুর মধ্যে ঢুকিয়ে দিয়ে ভাবে যে সব থেমে গেল। কিন্তু তাতে মরুভূমির ঝড় বন্ধ হয় না। আজকে সরকার মাথা নিচু করে বসে আছে। কিন্তু এতে রক্ষা হবে না। কারণ চতুর্দিক থেকে বিপদ ঘনিয়ে আসছে। ভারতের আসামের নাগরিকপঞ্জির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আসামে যে এনআরসি তৈরি হয়েছে আমরা জানি না এটার মধ্যে কী আছে না আছে। আমরা এটুকু বুঝি যে, একটা বিপদ জানান দিচ্ছে। অবশ্যই বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে। বাংলাদেশের মানুষকেই তার স্বাধীনতা রক্ষা করতে হবে, তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে এ সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, মীর হেলাল, ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।