নিরাপত্তার জন্য রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে কাঁটাতারের বেড়া বা সীমানাপ্রাচীর নির্মাণের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও এ ধরনের বেড়া বা প্রাচীর নির্মাণের পক্ষে মত দেওয়া হয়েছে। সংসদীয় কমিটিও ক্যাম্প এলাকার নিরাপত্তার ওপর জোর দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, সেনাবাহিনী সাতটি ক্যাম্পের মাধ্যমে ঐ এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিচ্ছে। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিদিন ২১টি যৌথ টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
কমিটিকে জানানো হয়, বর্তমানে শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। সাতটি দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে ৫ হাজার ৮৫৬ জন সদস্য শান্তিরক্ষার কাজে নিয়োজিত রয়েছে। কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।