দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবিরোধী লড়াইয়ে এবং দুর্নীতি প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাঠামোগত সংস্কার জরুরি। একইসঙ্গে সর্বস্তরে দক্ষ ও বিশেষায়িত স্বতন্ত্র সংস্থা গঠন করা দরকার। মঙ্গলবার অস্ট্রিয়াতে অনুষ্ঠিত ‘রিভিউ অব দ্য ইমপিমেন্টেশন অব দ্য ইউনাইটেড ন্যাশনস কনভেনশন এগেইনেস্ট করাপশন’-এর দশম সেশনে কারিগরি সহায়তা সংক্রান্ত এজেন্ডায় বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে দুর্নীতিবিরোধী লড়াইয়ে সর্বাত্মক ও বহুমুখী কর্মপ্রয়াস প্রয়োজন। দুর্নীতি দমন ও প্রতিরোধে কার্যকর ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে দুদক—যা কমিশনের দুর্নীতিবিরোধী অভিযানকে বিকশিত করছে। এই কর্মপ্রয়াসের অংশ হিসেবে কমিশন নতুন সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, যা পূর্ববর্তী সাংগঠনিক কাঠামোর প্রায় দ্বিগুণ। এছাড়া কমিশন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, তথ্যযোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ অণুবিভাগ স্থাপন করেছে।