ভারতের পাঞ্জাবে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩

ভারতের পাঞ্জাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত ভবনটিতে এখনো আটকে রয়েছেন বহু মানুষ।

বুধবার রাতেও উদ্ধার অভিযান চলছে। এর আগে বিকালে পাঞ্জাবের গুরদাসপুর শহরে আতশবাজি তৈরির কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘন জনবসতিপূর্ণ বাতালা এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কারখানার আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ির ওয়ার্কশপও রয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। 

আরো পড়ুন: মোহাম্মদপুরে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, নিহত ১

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে এই আবাসিক এলাকায় বেশ কয়েক বছর ধরে কারখানাটি চলছিল। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মতিথি উদযাপন উপলক্ষে বুধবার ‘নগর কীর্তন’ বেরনোর কথা ছিল। তার জন্য বাজি তৈরি করে মজুত করা হচ্ছিল ওই  কারখানায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে। জেলার কালেক্টর ও সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্ট উদ্ধার কাজ তদারক করছেন।

ইত্তেফাক/জেডএইচ