গৌরনদীতে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক

গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় দুইজনকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরপাইয়াতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আরিফ মোল্লা ওরফে ওমর (৫০) ও একই জেলার বেদেরগঞ্জ থানার মহিষকান্দি গ্রামের ইউসুফ আলী ছেলে রফিক (৪০)। এ ঘটনায় গৌরনদী মডেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে’

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনির ও মোঃ মাহাবুব আলম তাদের মোটরসাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে অফিসের কাজে দোতালায় যান। এ সময় চোররা মোটর সাইকেলের তালা ভেঙে মনির ও মাহাবুবের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা  তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি আরো জানান, আটক মোঃ আরিফ মোল্লা ওরফে ওমরের বিরুদ্ধে ঢাকা মেট্রোপুলিটনের পল্টন থানায় একটি চুরি ও সবুজবাগ থানায় একটি ডাকাতি মামলাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তারা আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সদস্য। পুলিশ মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মোটর সাইকেল জব্ধ করেছে।

ইত্তেফাক/এমআরএম