স্থাপত্য ও ইন্টেরিওর ডিজাইনিং এর শিক্ষার্থীদের প্রতিযোগিতার পুরস্কার প্রদান করল নিপ্পন পেইন্ট। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে “ফরওয়ার্ড” থিম নিয়ে নিপ্পন পেইন্ট আয়োজন করল এশিয়া ইয়াং ডিজাইনার এ্যাওয়ার্ড ২০১৮। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য এবং ইন্টেরিওর ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীদের জন্য ছিল এই প্রতিযোগিতা যাতে করে এই বিভাগের শিক্ষার্থীদের মেধা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায়। প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৩০জন শিক্ষার্থী অংশ নেয়।
স্থাপত্য এবং ইন্টেরিওর ডিজাইনিং বিভাগের প্রজেক্ট নিয়ে দুটি ক্যাটাগরিতে দুইজনকে নগদ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় গোল্ড পুরস্কার। এছাড়াও দুটি ক্যাটাগরিতে দুইজনকে নগদ পঁচিশ হাজার টাকার সিলভার পুরস্কার দেওয়া হয়। বিজয়ী দুই বিভাগের গোল্ড এ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী বছরের মার্চে সিঙ্গাপুরে এক সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থপতি খাদেম আলী, বুয়েট অধ্যাপক কাজী আজিজুল মওলা, স্থপতি এন. আর. খান, স্থপতি আ ফ ম মহিউদ্দিন আকন্দ সম্মানিত জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর গ্রুপ জেনারেল ম্যানেজার গ্ল্যাডিস গোহ্সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি