ঢাকার স্টার সিনেপ্লেক্সে সারাবিশ্বের সঙ্গে একই সময় একইদিনে মুক্তি পাচ্ছে ২০১৭ সালের সাড়া জাগানো ভৌতিক ছবি ‘ইট’ সিরিজের নতুন ছবি ‘ইট চ্যাপ্টার টু’। ভৌতিক ছবির জগতে অন্যতম শীর্ষ ছবি ‘কনজিউরিং’কে রীতিমতো হার মানিয়েছে ছবিটি। কেবল দর্শকদের বুকেই কাঁপন ধরায়নি ছবিটি, কাঁপিয়েছে বক্স অফিসও। মুক্তির প্রথমদিনেই সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে টানা দ্বিতীয় সপ্তাহেও হলিউড বক্স অফিসের শীর্ষস্থান ধরে রাখে ছবিটি। উদ্বোধনী দিনে এটি আয় করেছে রেকর্ড ৫ কোটি ৪ লাখ মার্কিন ডলার, যা হরর ছবির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও মুক্তির প্রথম ৩ দিনেই ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ১২ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। আর এতে করে ইট ছাড়িয়ে গেছে অতীতের সব হরর ছবির রেকর্ডকে। এমন একটি ছবির সিক্যুয়ালের জন্য দর্শকরা মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। অপেক্ষাটা বেশি দীর্ঘ করেননি নির্মাতারা। ২ বছরের ব্যবধানে দর্শকদের সামনে নিয়ে এসেছেন নতুন ছবি ইট চ্যাপ্টার টু’। আজ ৬ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ১৯৮৬ সালে প্রকাশ পাওয়া স্টিফেন কিংয়ের উপন্যাস ইট চ্যাপ্টার টু নিয়ে ছবিটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি। প্রথম ছবির পরিচালকও তিনি। এবারের ছবিতে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, জেসিকা চ্যাস্টেইন, বিল হ্যাডার, জে রায়ান, অ্যান্ডি বিন প্রমুখ।