দিনাজপুরের চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে জাকি ইমরান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ তার দুই বন্ধুকে আটক করেছে।
ভারতে অবৈধ অনুপ্রবেশের পর সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আক্রোশে প্রতিশোধ নিতে দুই বন্ধু জাকি ইমরানকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকালে চিরিরবন্দর উপজেলার উত্তর বাংলাপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত জাকি ইমরান নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওলাদার পাড়া এলাকার মোহাম্মদ তেলির ছেলে।
আটকরা হলো সৈয়দপুর উপজেলার হাওলাদার পাড়া এলাকার কাল্লু বাবুর্চির ছেলে সুমন ও হাতিখানা ক্যাম্প এলাকার মইদুর রহমানের ছেলে আকবর আলী।
চিরিরবন্দর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বুধবার বিকালে জাকি ইমরান তার দুই বন্ধু সুমন ও আকবর আলীকে নিয়ে চিরিরবন্দর উপজেলার উত্তর বাংগালপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসেন। সেই বাড়ির পার্শ্ববর্তী ধানখেতে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে সুমন ও আকবর আলী ধারাল ছুরি দিয়ে কুপিয়ে জাকি ইসলামকে গুরুতর জখম করে। পরে পুলিশ ও স্থানীয়রা জাকি ইমরানকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুর রহমান জানান, চার বছর আগে তিন বন্ধু জাকি ইমরান, সুমন ও আকবর অবৈধপথে ভারতের মুর্শিদাবাদে যায়। সেখানে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুমন ও আকবর আটক হলেও পালিয়ে আসে জাকি ইমরান। সুমন ও আকবরের ধারণা জাকি ইমরান তাদের ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছে। এই থেকেই জাকি ইমরানকে হত্যার পরিকল্পনা করে ঐ দুই বন্ধু। ভারতে চার বছর কারাভোগের পর মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরে জাকি ইমরানের ওপর প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
জাকি ইমরানের লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।