জাপানের ইয়োকোহামা শহরে একপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এক জন নিহত ও প্রায় ৩৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী টোকিওর সঙ্গে দ্বিতীয় বৃহত্তম শহর ইয়োকোহামাকে সংযোগকারী প্রধান রেললাইনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী কোম্পানি কেইকিউকো এ খবর জানিয়েছে।
সংঘর্ষে ৫০০ আরোহীর আট বগির ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়, চালকের কম্পার্টমেন্টের জানালার কাঁচ ভেঙে যায় এবং ট্রাকটিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত বগিগুলো দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকটির চালক (৬০) নিহত হয়েছেন। এছাড়া এক নারীসহ চার জন গুরুতর আহত হয়েছেন। রেললাইন অতিক্রমরত ট্রাকটিকে দেখার পর ট্রেন চালক ব্রেক চেপেছিলেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ফলবহনকারী ট্রাকটি, ট্রেন ও একটি দেয়ালের মাঝে চাপা পড়ে পিষ্ট হলে তাতে আগুন ধরে যায়। সংঘর্ষের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। পুলিশ ট্রেনের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হওয়ার কথা নিশ্চিত করলেও অধিক তদন্তের কথা বলে বিস্তারিত আর কিছু জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে যাত্রীদের দুর্ঘটনায় পড়া ট্রেনটি থেকে নামতে ও ট্রেনের আসনের ওপর ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখা গেছে।