মেহবুবা মুফতির সঙ্গে কন্যার সাক্ষাতের অনুমতি আদালতের

জম্মু ও কাশ্মীরে কারাবন্দি সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন তার মেয়ে সানা ইলতিজা জাভেদ।

সানাকে কাশ্মীরে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমোদন দেওয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সানার এক আবেদনের জবাবে সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত জানায়।

এক মাস ধরে মার সঙ্গে সাক্ষাত্ করতে পারছেন না এবং তিনি তার মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে ঐ আবেদনে আদালতকে জানিয়েছিলেন সানা। ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল ও ঐ অঞ্চলকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অংশে রূপান্তরিত করার সিদ্ধান্ত বাস্তবায়নের আগে, কোনো ধরনের ঝামেলা বা প্রতিবাদ এড়াতে, ভারতীয় কর্তৃপক্ষ আগস্টের প্রথমদিকে আরো কয়েকশ রাজনীতিকের সঙ্গে মেহবুবা মুফতিকেও গ্রেফতার করে। এরপর থেকে সানা আর তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। মেহবুবার মেয়ের অভিযোগ তাকে মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। “আপনারা কী এ নারীকে তার মায়ের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন,” বৃহস্পতিবার ভারতীয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে এ প্রশ্নের উত্তর জানতে চাইলে ‘না’ বলেন কেন্দ্রীয় সরকারের এ আইনজীবী।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সানা জেলা বিচারকের কাছে গেলেই মাকে দেখার অনুমতি পেতেন। মেহবুবাকে এখন শ্রীনগরের কাছে চশমে শাহে এলাকায় বন্দি করে রাখা হয়েছে। “চেন্নাই থেকে শ্রীনগরে যেতে কী আপনাকে আটকে রাখছে? বাধা কোথায়,” সানার কাছে জানতে চান প্রধান বিচারপতি। জবাবে মেহবুবা তনয়া বলেন, “তারা আমাকে চেন্নাই যেতে অনুমতি দিয়েছে কিন্তু শ্রীনগরে যেতে দিচ্ছে না। আমি একান্তে আমার মায়ের সঙ্গে দেখা করতে ও শ্রীনগরের চারপাশে ঘোরার অনুমতি চাই।” কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘এ বিষয়ে আদালতকে ব্যবহারে’ আপত্তি জানানো হলেও প্রধান বিচারপতি বলেন, “এটি সকল নাগরিকের অধিকার।”