উনিশের খুব কাছে নাদাল

রাফায়েল নাদাল ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার পথে দুর্দান্তগতিতে এগিয়ে চলছেন। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার ২০তম বাছাই দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে সরাসরি সেটে জয় পেয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে প্রথম দুই সেটে কিছুটা লড়াই করলেও শেষ সেটে অসহায় আত্মসমর্পণ করেন আর্জেন্টাইন শোয়ার্টজম্যান। ৬-৪, ৭-৫, ৬-২ গেমের সহজ জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেন নাদাল। 

নাদাল জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন, ‘নিজেকে টানা দুটো ব্রেক হারতে দেখাটা কঠিন ছিল। কিন্তু চ্যালেঞ্জটা জিততে পেরে আমি আনন্দিত। এখন আমি সেমিফাইনালে উঠে গেছি, এবং এটা আমার জন্য অনেক গুরুত্ব বহন করে।’

তীব্র গরম, বাতাসে বাড়তি আর্দ্রতার কারণে ইউএস ওপেন খেলোয়াড়দের শক্তিসামর্থ্যের বাড়তি পরীক্ষা নেয়। সব চ্যালেঞ্জকে জয় করেই শেষ চার নিশ্চিত করতে হয়েছে নাদালকে। স্প্যানিশ খেলোয়াড়টির ভাষায়, ‘শারীরিকভাবে আমি ঠিক আছি। আজ একটা কঠিন দিন ছিল। বেশ আর্দ্রতা ছিল এবং আমি দরদর করে ঘামছিলাম।’

দিনের দ্বিতীয় ম্যাচে ইতালীয় খেলোয়াড় মাতেও বেরাত্তিনি গায়েল মনফিলসের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছেন। ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৭-৬ গেমের জয় পাবার পর সেমিফাইনালে নাদালের মুখোমুখি হবেন ২৪তম বাছাইটি।

নোভাক জকোভিচ আর রজার ফেদেরারের পতনের পর নাদালের সামনে ‘বড়ো’ প্রতিপক্ষ নেই আর। বাকি তিন ফাইনালিস্ট বেরাত্তিনি, গ্রিগর দিমিত্রভ কিংবা দানিল মেদভেদেভের কেউই কখনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেননি। তারপরও আগামীকালকের সেমিফাইনালে বেরাত্তিনির বিপক্ষে খেলার আগে সাবধান নাদাল।

ইতালীয় খেলোয়াড়টির ব্যাপারে তার মূল্যায়ন, ‘আমি আজ তাকে খেলতে দেখেছি। সে দারুণ সার্ভ করে, ফোরহ্যান্ডেও দুর্দান্ত এবং দারুণ আত্মবিশ্বাসীও। প্রতি সপ্তাহে বড়ো পদক্ষেপ ফেলে সে এবং এটা তার জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জ কিন্তু এখন সময়টা এগিয়ে যাওয়ার।’

টেনিসের ‘বিগ থ্রি’র দুই জনের বিদায় আর সেমিফাইনাল-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষের অনভিজ্ঞতা মিলিয়ে চলতি ইউএস ওপেনে নাদালের জয়কেই সম্ভাব্য বাস্তবতা হিসেবে ধরা হচ্ছে। সেটা যদি শেষমেশ করেই দেখান নাদাল তবে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে ফেদেরার থেকে একটি শিরোপার দূরত্বে চলে আসবেন ‘এল নিনো’।