শেখ জামালের বিদায়

স্পোর্টস রিপোর্টার

স্বাধীনতা কাপ ফুটবলের গত আসরে গ্রুপ পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুইটি ম্যাচে মোহামেডান এবং রহমতগঞ্জের সঙ্গে ড্র করেও কোয়ার্টার ফাইনাল খেলেছিল। কোয়ার্টার ফাইনালে ব্রাদার্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেও আরামবাগের কাছে হেরে টুর্নামেন্ট হতে বিদায় নেয়। এবার সেই শেখ জামাল গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি। দলটি দুই ম্যাচের একটিতে হার দ্বিতীয়টিতে ড্র করে টুর্নামেন্ট হতে বিদায় নিল। বিদায় করে দিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের ‘ডেথ গ্রুপে’র লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে শেখ রাসেলের প্রয়োজন ছিল নিদেন পক্ষে ড্র। আর শেখ জামালের দরকার ছিল জয়। ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না তাদের সামনে। তারপরও শেখ জামাল পারেনি। দুই দলের এ লড়াইয়ে গোল হয়নি। গোলহীন এই ম্যাচের পোস্টমোর্টেম করতে গেলে সব কিছুই শেখ জামালের পক্ষে দাঁড়ায়; কিন্তু ফুটবল মাঠের সবচেয়ে বড় সৌন্দর্য্যই গোল। গোল করতে না পারলে ভালো খেলারও কোনো মূল্য থাকে না। সেটা প্রমাণ করেই বিদায় নিল শেখ জামাল।

শেখ রাসেল ২ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিদায়ের বিষণ্নতায়  মাথাটা নিচুই ছিল শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসির। বঙ্গবন্ধু স্টেডিয়াম হতে বেরিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে বের হচ্ছিলেন। জানতে চাইলে ক্ষোভ জড়ানো কণ্ঠে বললেন, ‘অন্তত তিন গোলে প্রথমার্ধেই এগিয়ে যাওয়া যেত।’

মিথ্যে বলেননি এই কোচ। পুরো খেলায় একচেটিয়া খেলেছে তার দল। সবগুলো আক্রমণ সবগুলো গোলের সুযোগ শেখ জামালেরই ছিল। গোল মিসের মহড়া বলতে যা বুঝায় শেখ জামালের ফুটবলাররা সেটাই করেছে। লুসিয়ানো এমানুয়েল আরাইয়া পেরেজ খেলা শেষে তখনো জার্সি খোলেননি। ঘেমে ভিজে যাওয়া জার্সিতে কোমরে হাত রেখে মাঠের দিকে তাকিয়ে বলছিলেন, ‘এতো সুযোগ পাওয়ার পরও গোল করতে পারলাম না।’

একটা গোলের আফসোস তার। পেরেজের সঙ্গে কিরগিজ ফুটবলার ডেভিড ব্রুসও গোল মিসের মহড়া দিয়েছেন। এদের সঙ্গে দেশি ফুটবলার দিদারুল আলম ফাঁকা পোস্টে পা ছোঁয়াতে পারেনি। গোল মিস করতে করতে শেষ পর্যন্ত দুইটি ফ্রিকিক পেলেও শেখ জামালের ভাগ্যের বন্ধ দুয়ার খোলেনি। ফ্রিকিক ঠেকাতে শেখ রাসেলের ১০ জন দেওয়াল দিয়েছিল। গোলকিপার এবং দলের অধিনায়ক আশরাফুল রানা ছিলেন সজাগ। রেফারি আনিসুর রহমান সাগরের শেষ বাঁশি বাজার মুহূর্তে শেখ রাসেল সবচেয়ে সহজ সুযোগ পেলেও শেখ জামালের ফাঁকা পোস্টে গোল করতে পারেনি। ব্রাজিলীয়ান রাফায়েল সিলভা বঞ্চিত করেছেন জয়ের সুযোগ হতে।    

আজকের খেলা

রহমতগঞ্জ ও নোফেল, ৩টা। মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী, ৫টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।