দেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরির পর এবার প্রথম সেঞ্চুরির কৃতিত্বও গড়লেন রহমত শাহ। আফগানিস্তানের টেস্ট ইতিহাসে নিজের নামটা কার্যত অমর করে রাখলেন এই ব্যাটসম্যান। গতকাল চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ১০২ রান করেছেন তিনি। যা টেস্টে তার নিজের ও আফগানিস্তানের পক্ষে প্রথম সেঞ্চুরির ঘটনা।
সেঞ্চুরি করতে পেরে গর্বিত রহমত শাহ। গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে এই টপঅর্ডার ব্যাটসম্যান বলেছেন, ‘আমার জন্য এটা গৌরবের মুহূর্ত। আমিই প্রথম ব্যক্তি হিসেবে টেস্টে দেশের হয়ে হাফ সেঞ্চুরি করেছিলাম এবং এবার সেঞ্চুরি।’ ক্রিকেটার হিসেবে এমন কিছুর স্বপ্নই দেখেছিলেন রহমত শাহ। গতকাল তিনি বলেছেন, ‘আমার স্বপ্ন ছিল আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার। আয়ারল্যান্ডের সঙ্গে ৯৮ রানে আউট হয়ে আমি কষ্ট পেয়েছিলাম। আজ (গতকাল) আমি সুযোগ পেয়েছি এবং সেঞ্চুরি করেছি।’
সেঞ্চুরি করতে গিয়ে ১৮৭ বল খেলেছেন রহমত শাহ। বাংলাদেশের স্পিনারদেরও ভালোভাবে সামলেছেন। তবে সাকিবদের সাধারণ মানের স্পিনার মানতে নরাজ এই আফগান ব্যাটসম্যান। রহমত শাহ বলেছেন, ‘তারা সাধারণ স্পিনার নয়। তাদের স্পিন আক্রমণ খুব ভালো বিশেষ করে সাকিব। সে বিশ্বের এক নম্বর স্পিনার। সঙ্গে তাইজুলেরও টেস্টে খুব ভালো রেকর্ড আছে এবং মেহেদীর।’