এমার্জিং দলের ম্যাচ

আফিফের সেঞ্চুরি অপেক্ষায় শান্ত

কক্সবাজারে বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দলের দ্বিতীয় দিনের চার দিনের ম্যাচটি ড্রয়ের পথেই হাঁটছে। ম্যাচের তৃতীয় দিন শেষ হয়েছে গতকাল। কিন্তু এখনো এক দলের প্রথম ইনিংস শেষ হয়নি। সেটির কারণ অবশ্য বৃষ্টি। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলাই হয়নি। দ্বিতীয় দিনেও খেলা হয়েছিল মাত্র ২৩ ওভার। গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে ৪৩ ওভার। আজ চতুর্থ দিনে ম্যাচের ফলাফল হওয়ার সম্ভাবনা খুব কম।

এটুকু খেলার মাঝে বাংলাদেশ এমার্জিং দল ভালো অবস্থানেই আছে। গতকাল তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান। সেঞ্চুরি করেছেন আফিফ হোসেন ধ্রুব, সেঞ্চুরির অপেক্ষায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফিফ ১০০ ও শান্ত ৮৮ রানে অপরাজিত আছেন।  ইনিংসের শুরুতে ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ৫৭ রান নিয়ে খেলতে নেমে গতকাল ১৫১ রান যোগ করে স্বাগতিকরা কোনো উইকেট না হারিয়ে। শান্ত-আফিফ দলকে টেনে গেছেন। অবিচ্ছিন্ন ১৮৭ রানের জুটি গড়েছেন তারা। আফিফ তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি। ১৮০ বল খেলে ১১টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন আফিফ। ১৭৩ বল খেলে অপরাজিত ৮৮ রান (১০ চার, ৩ ছয়) করেছেন শান্ত। শ্রীলঙ্কার ড্যানিয়েল দুটি, সিরাজ একটি উইকেট নেন।