লিবার্তাদোরস ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মত কোপা লিবার্তাদোরেস ফাইনাল লাতিন আমেরিকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই আর্জেন্টাইন চিরপ্রতিদ্বন্দ্ব্বী বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেট। রাত পৌনে দুইটায় এই ম্যাচটি শুরু হওয়ার মধ্যদিয়ে রচিত হবে নতুন ইতিহাস।

ইতিহাসে প্রথমবারের মতো ‘বুয়েন্স এইরেস ডার্বি’ হতে যাচ্ছিলো কোপা লিবার্তাদোরেসের ফাইনালে। বোকার মাঠ লা বমবোনেরায় ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে সমতায় শেষ হয়েছিল। কিন্তু রিভারের মাঠে ফিরতি ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার পথে কিছু উগ্রবাদী প্রতিপক্ষ সমর্থকের হামলার শিকার হয় বোকার দলীয় বাস। আহত হন বোকার অধিনায়ক পাবলো পেরেজ এবং কার্লোস তেভেজসহ বেশ কিছু খেলোয়াড় এবং বাসচালক।

কয়েক দফা সময় পেছানোর পরেও সেদিন খেলাটি আয়োজনে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরদিন খেলাটি আয়োজনের কথা থাকলেও বোকা খেলোয়াড়দের অসম্মতির মুখে কনমেবল খেলাটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতেই বাধ্য হয়।

অনেক জল ঘোলার পর শেষে রিয়ালের মাঠে খেলাটি আয়োজনের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ফলে প্রথমবারের মত দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বাইরে। তবে কনমেবলের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডিয়েগো ম্যারাডোনা, তিতে, পেপ গার্দিওলার মতো বিদগ্ধ ফুটবল পণ্ডিতরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর মহাদেশের মাঝেই মানায় বলে অভিমত দেন তারা।

ফাইনালের ভেন্যু স্পেনে বলে সিদ্ধান্তের সমালোচনা করেছেন বোকার খেলোয়াড় কার্লোস তেভেজও। স্পেনের ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করা লিবার্তাদোরেসের সম্মানেই এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল। সেই স্পেনেই সে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করার ব্যাপারটিকে ভালোভাবে নিচ্ছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 তেভেজ বলেন, ‘আমি ভাবতাম ইতিহাসে কেবল আমিই কাঁচা। কিন্তু এই মানুষগুলো আমাকে হারিয়ে দিয়েছে। আমার আর কিছু বলার নেই।’ তবে এতো সমালোচনার পরও আজ মাদ্রিদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনালটি।

সাতটি শিরোপা নিয়ে এই প্রতিযোগিতার সফলতম দল আর্জেন্টিনার ইন্দিপেন্দিয়েন্তে। তাদের চেয়ে একটি কম জিতে তালিকার দ্বিতীয় স্থানে আছে বোকা জুনিয়র্স। তবে এবার তেভেজদের লক্ষ্য থাকবে এবারেরটি জিতে স্বদেশী দলটির শ্রেষ্ঠত্বে ভাগ বসানোর।

ইতিহাস যদি বোকার হয়ে কথা বলে তবে প্রতিযোগিতার সামপ্রতিক ইতিহাস বলছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিভারপ্লেটের পক্ষে। মোটে তিনবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করলেও শেষবার তারা শিরোপা জিতেছিলো কেবল চার বছর আগে। সেই দল থেকে কেবল বর্তমান অধিনায়ক জোনাথন মাইদানাই টিকে আছেন বর্তমান রিভারপ্লেট দলে। চার বছর আগের স্মৃতির পুনরাবৃত্তি আজ নিশ্চিতভাবেই চাইবেন রিভার অধিনায়ক।